সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: 01:03:38 pm, 2025-09-16 | দেখা হয়েছে: 324 বার।
বাংলাদেশে পৌরসভাগুলো তিনটি শ্রেণীতে বিভক্ত ক, খ ও গ এর মধ্যে ক শ্রেণীর পৌরসভা সর্বোচ্চ মর্যাদাপূর্ণ, যেখানে নাগরিকরা সাধারণত আধুনিক ও উন্নত সেবা ভোগ করে থাকেন। ক শ্রেণীর পৌরসভায় জনসংখ্যা ও আয়-ব্যয় তুলনামূলকভাবে বেশি হয়, ফলে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে এ ধরনের পৌরসভাগুলো অগ্রাধিকার পেয়ে থাকে। তত্ত্বগতভাবে ক শ্রেণীর পৌরসভায় নাগরিকদের জন্য একাধিক সুবিধা নিশ্চিত হওয়ার কথা। এর মধ্যে রয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্সসহ সহজ নাগরিক সেবা, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেন পরিষ্কার, সড়ক, ব্রিজ ও কালভার্ট দ্রুত নির্মাণ ও সংস্কার, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন করে শহর আলোকিত রাখা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, আধুনিক মার্কেট ও শপিং কমপ্লেক্স সুবিধা, পাবলিক টয়লেট, ডাস্টবিন ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম, খেলার মাঠ, পার্ক, লাইব্রেরি ও সাংস্কৃতিক সুযোগ সুবিধা। কিন্তু প্রশ্ন উঠছে ক শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও ফুলবাড়িয়া পৌরসভার নাগরিকরা কি এসব সুবিধা সমানভাবে পাচ্ছেন? স্থানীয়দের অভিযোগ, এখনও অনেক রাস্তাঘাটের সংস্কার হয়নি, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই, সড়কবাতির সংকট প্রকট, এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও সবার জন্য নিশ্চিত নয়। নাগরিক সেবা পেতে অনেক ক্ষেত্রেই ভোগান্তির শিকার হতে হয়। ফলে সচেতন মহলের প্রশ্ন ক শ্রেণীর পৌরসভা হওয়ার পরও ফুলবাড়িয়ার নাগরিকরা কি ক শ্রেণীর প্রকৃত সুবিধা পাচ্ছেন, নাকি নামেই ক শ্রেণী?